প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
মেঘনায় মুজাফফরআলী হাইস্কুল এন্ড কলেজে অবসরজনিত বিদায় নিলেন দুই গুণী শিক্ষক

মোঃ নাজিম উদ্দিন, কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলায় কান্দারগাঁওয়ে অবস্থিত ঐতিহ্যবাহী মুজাফফরআলী হাইস্কুল এন্ড কলেজে আবেগঘন পরিবেশে আনুষ্ঠানিক ভাবে দুই শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ইংরেজি শিক্ষক মোঃ মোখলেছুর রহমান ও গণিতের শিক্ষক মোঃ আহসান উল্লাহকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক স্মৃতিময় পরিবেশ।
অনুষ্ঠানে বিদায়ী দুই শিক্ষক তাঁদের দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। তাঁরা নিষ্ঠা, সততা ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধের কথা উল্লেখ করে কর্মজীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন। এ সময় শিক্ষার্থীরাও আবেগাপ্লুত হয়ে তাঁদের প্রিয় শিক্ষকদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন।
অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শামসুজ্জামান বলেন, এই দুই শিক্ষক শুধু পাঠদানেই নয় শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক গুণাবলি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের অবসর প্রতিষ্ঠানটির জন্য অপূরণীয় ক্ষতি হলেও তাঁদের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
বিদায়ী শিক্ষকরা তাঁদের বক্তব্যে সহকর্মী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জীবনের দীর্ঘ পথচলায় পাওয়া ভালোবাসার কথা স্মরণ করতে গিয়ে তাঁদের কণ্ঠ ভারী হয়ে আসে। পরিশেষে তাঁরা কর্মজীবনের অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।
দৈনিক মেঘনার খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক মেঘনার খবর (মোঃ নাজিম উদ্দিন) কর্তৃিক পরিচালিত ও প্রকাশিত।