• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

মেঘনার বড়কান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, গুরুতর আহত-১

মো. নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- / ১৬৩ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সজীব মিয়া (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সজীব (১৯) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর ২৬) রাত ৮টার দিকে উপজেলার বড়কান্দা নতুন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সজীব মিয়া উপজেলার বড়কান্দা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ গ্রামের মো. জসিম মিয়ার ছেলে। আহত মো. সজীব একই ইউনিয়নের বড়কান্দা গ্রামের চৌরাস্তা এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। তারা দুজন একই ব্যাচের শিক্ষার্থী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ফরহাদ কম্পিউটারের মালিক মো. ফরহাদ হোসেন রনি জানান, কয়েকজন বন্ধু দুই থেকে তিনটি মোটরসাইকেল নিয়ে বৈদ্যনাথপুর আলগী এলাকায় গিয়েছিলেন। পরে তাঁরা বড়কান্দা নতুন সড়ক দিয়ে ফেরার সময় একটি মোটরসাইকেলে থাকা দুই সজীব নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খান। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই সজীব মারা যান এবং অন্য আরেক সজীব গুরুতর আহত হন। পরে স্বজনেরা আহত সজীবকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সীট না পাওয়ায় পরে তাঁকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনেরা।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনো থানায় কেউ জানায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হলে অপমৃত্যুর মামলা নেওয়া হবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ হবে।’


More News Of This Category
bdit.com.bd