কুমিল্লা-২ (হোমনা-মোঘনা) এই দুই উপজেলাকে যদি বিচ্ছিন্ন করা হয় তাহলে এখানকার ভোটাররা নাগরিক সেবা থেকে বঞ্চিত হবেন। মেঘনা থেকে দাউদকান্দির দূরত্ব যেমন, তেমনি হোমনা থেকেও তিতাসের দূরত্ব অনেক।” কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ভাটেরচর নতুন রাস্তায় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন হোমনা ও মেঘনা এই দুই উপজেলার বাসিন্দারা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় ‘মেঘনা নাগরিক সমাজ’-ব্যানারে বৃহস্পতিবার সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচির পর ১০টা থেকে ১১টা প্রায় ১ ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
নির্বাচন কমিশন ঘোষিত আসন পুনর্বিন্যাসের খসড়ায় কুমিল্লার আসন বিন্যাসে পরিবর্তন আনা হয়। তাতে দাউদকান্দি ও মেঘনা মিলিয়ে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাস মিলিয়ে কুমিল্লা-২ আসন করার ঘোষণা দেওয়া হয়।
ওই খসড়া প্রত্যাখ্যান করে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করে হোমনা-মেঘনা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজ।
আগামী ২৪ অগাস্ট আবেদনের শুনানি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মেঘনা নাগরিক সমাজ প্রতিনিধিঃ মোঃ মোহসীন ভুঁইয়া বলেন, “ভৌগলিক ভাবেও হোমনা থেকে মেঘনার জন্ম। হোমনার সঙ্গে মেঘনার যোগাযোগ ও আইনশৃঙ্খলা অবকাঠামো সম্পৃক্ত। এছাড়া যোগাযোগ ব্যবস্থায়ও হোমনা ও মেঘনা দুই উপজেলা খুব ভালোভাবে সংযুক্ত।
“দাউদকান্দি ও তিতাসের সঙ্গে মেঘনা ও হোমনা উপজেলার সঞ্চালনশীল যোগাযোগ ব্যবস্থা তেমন একটা নেই। তাই দাউদকান্দি ও মেঘনা আসন করা অযৌক্তিক। আমাদের দাবি কুমিল্লা২ হোমনা-মেঘনা আসন পুনর্বহাল থাকবে।”
মেঘনা নাগরিক সমাজের আরেক প্রতিনিধি ফাতেমা আক্তার হেনা বলেন, “আমাদের এর আগেও বিচ্ছিন্ন করে বঞ্চিত করা হয়েছে। হোমনা-মেঘনা দুটি পাশাপাশি উপজেলা। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ সামাজিক ও রাজনৈতিক আদান-প্রদানে এই দুই উপজেলা সবসময় এক সঙ্গে ছিল।
“এখন যদি আবারও এই দুই উপজেলাকে বিচ্ছিন্ন করা হয় তাহলে এখানকার ভোটাররা নাগরিক সেবা থেকে বঞ্চিত হবেন। মেঘনা থেকে দাউদকান্দির দূরত্ব যেমন, তেমনি হোমনা থেকেও তিতাসের দূরত্ব অনেক। হোমনা ও মেঘনা দুই উপজেলাকে একত্রিত করে কুমিল্লা-২ আসন করা যৌক্তিক বলে দাবি জানাই তারা।”
মেঘনা নাগরিক সমাজের প্রতিনিধি আব্দুল অদুদ মুন্সী, আজহারুল হক শাহিন, মোজাম্মেল হক মুকুল, আলহাজ্ব মহিউদ্দিন, সানাউল্লাহ সরকার, মোঃ সাহাবউদ্দিন, আব্দুল মতিন, ফাতেমা আক্তার হেনা, মাহমুদা আক্তার রুমা, মোহসীন ভূঁইয়া, কেফায়েত উল্লাহ, মাসুরুল হক সরকার, জাহানারা বেগম’সহ বহু মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
এর আগে বুধবার সন্ধ্যায় কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল করেন।