মোঃ নাজিম উদ্দিন, মেঘনা প্রতিনিধিঃ_কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে চাঁদাবাজির সময় এক যুবককে আটক করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের পাড়ারবন্দ ব্রিজ এরিয়া থেকে প্রায় ৩০০ মিটার দক্ষিণে মেঘনা-কাঁঠালিয়া নদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামী তিতাস উপজেলার সরস্বতী চর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও একই গ্রামের মামুনের চাচাতো ভাই আক্তার হোসেন (৪৫)।
চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই মঈন উদ্দিন, কনস্টেবল কুসুম, সোহাগ, সুজন ও সাইদুর অংশ গ্রহণ করেন।
এ বিষয়ে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আজমগীর হোসাইন রাত সোয়া ৯টার দিকে নিশ্চিত করে আমাদের এই প্রতিনিধিকে বলেন, ‘গ্রেপ্তারকৃত আক্তার হোসেন বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নৌপথে চাঁদাবাজি, জলদস্যুতা বা অবৈধ কর্মকাণ্ড রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও নদীপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।’
তিনি আরও বলেন, অভিযান চলাকালে নৌপথে চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি নৌকা ও দুটি লোহার রড জব্দ করা হয়।